দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলকাতার নিউমার্কেট চত্বরে ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ আগামী শনিবার (২২ আগস্ট) দেশে ফেরত পাঠানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে নিহত বাংলাদেশিদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই ভারতীয় নাগরিকের ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সাত বাংলাদেশির মরদেহ বর্তমানে কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে সংরক্ষিত রয়েছে।
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে শনিবার বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে পাঠানো হবে। ভারত থেকে মরদেহ দেশে আনার ব্যয় বাংলাদেশ সরকার বহন করবে।
সূত্র জানায়, সাতক্ষীরার বাসিন্দাদের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হবে। অন্যদের মরদেহ গেদে-দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হবে।
গত বুধবার ভোরে কলকাতার নিউমার্কেট চত্বরে ১৫ বি মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাত বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিক নিহত হন।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে হোটেলের মালিক বীরেশ্বর মিত্র এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
কলকাতা পুলিশ ও দমকল বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলটির ফায়ার লাইসেন্স ছিল না। দীর্ঘদিন ধরে সেখানে অগ্নিনিরাপত্তা অডিটও করা হয়নি। এ ছাড়া দেওয়াল তুলে জরুরি বহির্গমনের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল।
এমএম/